চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (এইচপিসিইউ) ২০২৫–২৬ সেশনের ক্যাম্পাস প্রোগ্রামের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় এসডিজি ১২, ১৩ ও ১৫-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় টিম চতুষ্কোণ।
প্রতিযোগিতায় এসডিজি ৯, ১২ ও ১৩-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প নিয়ে টিম দ্য অপটিমিস্টিক প্রথম রানার-আপ এবং এসডিজি ১২, ১৩ ও ১৪-কেন্দ্রিক উদ্যোগ উপস্থাপন করে টিম মৌমাছি দ্বিতীয় রানার-আপ স্থান অর্জন করে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা এবং তরুণ উদ্যোক্তাদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। আয়োজনটির নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ সেশনের ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ এবং চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা। এ সময় কারিন সাফফানা বলেন, “হাল্টপ্রাইজ শুধু একটি কম্পিটিশন না, এটি একটি সামাজিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যেটি শিক্ষার্থীদের মাঝে নতুন চিন্তার উদ্ভব করে।” চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ বলেন, “হাল্ট প্রাইজ হচ্ছে সকলের মিলন মেলা, যেটি সাংগঠনিক সদস্যদের একসাথে একত্র করে।” এবারের প্রতিযোগিতায় বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মিনহাজ উল আলম, সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড চট্টগ্রাম জোনের আর্থিক প্রতিষ্ঠান বিক্রয় বিভাগের প্রধান আরিফ ইফতেখার এবং এন. মোহাম্মদ গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ ফারমান তোয়ুব। তারা দলগুলোর ব্যবসায়িক ধারণা, সামাজিক প্রভাব, টেকসইতা ও বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করেন। চূড়ান্ত পর্বে টিম আবরণ, টিম দ্য ইনোভেটরস্, টিম ট্রিও গ্রাইন্ড, টিম মৌমাছি, টিম চতুষ্কোণ এবং টিম দ্য অপটিমিস্টিক, মোট ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে অভিজ্ঞ মেন্টররা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।উল্লেখ্য, হাল্ট প্রাইজ প্রতি বছর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বৈশ্বিক থিম নির্ধারণ করে। ২০২৫–২৬ সেশনের থিম ছিল “আনলিমিটেড”, যা আন্তঃসংযুক্ত বৈশ্বিক সমস্যার উদ্ভাবনী সমাধান অনুসন্ধানে তরুণদের উদ্বুদ্ধ করে।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে