ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য রয়েছে।
ডিবির একটি দল সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (২০ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলায় বিপুলসংখ্যক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, যার সংখ্যা ৩৯১টি বলে প্রাথমিকভাবে জানা গেছে।ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলাগুলোতে তাদের বিরুদ্ধে প্রায় তিনশ’র মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, এর আগেও প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান।

সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে