চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের ১০ দিন পর তা পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওএমআর শিটে কারিগরি ত্রুটি ধরা পড়ায় ইতোমধ্যে প্রকাশিত ফলাফল স্থগিত রাখা হয়েছে। যাচাই শেষে সংশোধিত ফল প্রকাশ করা হলে মেধাক্রমে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৭৯ হাজার ৪১০ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার চার দিন পর, বুধবার (৭ জানুয়ারি ২০২৬) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী ৪১ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন এবং ৩৭ হাজার ৮০১ জন অনুত্তীর্ণ হন। সে হিসাবে পাসের হার ছিল প্রায় ৫২ শতাংশ। তবে ফল প্রকাশের পরপরই একাধিক ভর্তিচ্ছু ফলাফলে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলতে থাকেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে ১৪ জানুয়ারি উপাচার্যের সভাপতিত্বে ডিনদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার উপ-উপাচার্যদ্বয়, ডিন এবং ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিবকে নিয়ে দ্বিতীয় দফা বৈঠক করেন উপাচার্য। ওই বৈঠকে আইসিটি সেলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখানেই ফলাফল পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক যাচাইয়ে ‘এ’ ইউনিটের অন্তত ১৭টি ওএমআর শিটে বৃত্তের নির্ধারিত মাপ ও দূরত্বে তারতম্য পাওয়া গেছে। এই কারণে স্বচ্ছতা নিশ্চিত করতে সব ওএমআর শিট নতুন করে যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, যাচাই কার্যক্রম শেষ হলে সংশোধিত ফল প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে পূর্বে প্রকাশিত ফলাফলের মেধাক্রমে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান জানান, এখনো যাচাই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন তাঁর কাছে পৌঁছায়নি। তবে যাচাই শেষে যদি কোনো সংশোধন প্রয়োজন হয়, তাহলে নতুন করে মেধাতালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশোধিত ফলাফল দেখতে পারবেন।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে