বুধবার, ১১ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

অভিযান

চাঁদপুরে ১২৭ মণ জাটকা জব্দ, ১০ জেলের কারাদন্ড

চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে ১২৭.৫ মণ (৫১০০ কেজি) জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে কারা ও অর্থদন্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (১১ মার্চ) সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।প্রাপ্ত তথ্যে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক হাইমচরের চরভৈরবী সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১শ’ কেজি জাটকাসহ ১০ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের দুই হাজার টাকা অর্থদণ্ড এবং প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জেলেদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।  জব্দকৃত জাটকা চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।ইলিশের পোনা জাটকা সংরক্ষণের জন্য মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় নদীতে ইলিশসহ সব ধরণের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে।

চাঁদপুরে ১২৭ মণ জাটকা জব্দ, ১০ জেলের কারাদন্ড