দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশি হয়রানির অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাঠানো এক প্রতিবাদী বার্তায় দলটি জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ নেতার দায়ের করা একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়েছে। এ ঘটনাকে ন্যক্কারজনক কর্মকাণ্ড উল্লেখ করে এর প্রতিবাদ জানায় দলটি।
এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার একজন উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদকের বাসায় যান। ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।
বিবৃতিতে এনসিপি আরও জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তি আইন, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। দলটির দাবি, এসব মামলার কারণে মাহমুদুর রহমানকে দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে।
এনসিপির মতে, রাজনৈতিক বিবেচনায় বিপুলসংখ্যক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
বিবৃতিতে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নেপথ্যে কারা জড়িত, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিষয়ে স্পষ্ট বক্তব্য জাতির সামনে প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি।