অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শীতের সুরক্ষা ও পড়াশোনায় উৎসাহ জোগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ শিশুর মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছে নবোদ্যম ফাউন্ডেশন। বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি) ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি (ডব্লিউবিএস) এ আয়োজনে সহযোগিতা করে।কর্মসূচিতে নবোদ্যম ফাউন্ডেশন পরিচালিত ‘সেভ দ্য টুমরো স্কুল’-এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর শাখা, হাইকোর্ট শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। প্রতিটি শিশুকে দেওয়া সহায়তা প্যাকেজের মধ্যে ছিল কম্বল, মাফলার, শীতের টুপি, মোজা, স্কুলব্যাগ, বই, পেনসিল এবং সাবান, লোশন, তেল, তোয়ালে, চিরুনি, টুথব্রাশ ও টুথপেস্টসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার নানা সামগ্রী। উপকরণ বিতরণের পাশাপাশি উপস্থিত সব শিশুর জন্য দুপুরের গরম খাবারেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে নবোদ্যম ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শরীফ ওবায়েদুল্লাহ বলেন, ‘পথশিশুরা সমাজের বোঝা নয়, সঠিক পরিচর্যা ও শিক্ষার সুযোগ পেলে তারাই আগামীর সম্পদ হয়ে উঠবে। শুরু থেকেই সেভ দ্য টুমরো স্কুলের মাধ্যমে এই শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নবোদ্যম ফাউন্ডেশন। আজকের এই উপকরণ তাদের শৈশবকে আরও নিরাপদ ও আনন্দময় করে তুলবে।’সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, ‘তীব্র শীতের প্রকোপ থেকে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ধরে রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তরুণ স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগী সংস্থাগুলোর আন্তরিকতায় আমরা ২০০ শিশুর পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতেও এই মানবিক যাত্রা অব্যাহত থাকবে।’কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. সিফাতুল্লাহ তাসনীম বলেন, ‘হাকিম চত্বর ও হাইকোর্ট শাখার শিশুদের শিক্ষা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আজকের এই উপহার শিশুদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী ও উৎসাহী করে তুলবে।’ অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াদ হাসান বলেন, ‘পুরান ঢাকার ব্যস্ত পরিবেশে বেড়ে ওঠা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। সব শাখার শিক্ষার্থীদের একসঙ্গে আনন্দ করতে দেখে আমাদের পরিশ্রম সার্থক মনে হচ্ছে।’আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জনসংযোগ কর্মকর্তা মো. নওসাদ আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রেশমি আক্তার রিয়া, সাধারণ সম্পাদক পুজা রানী সাহা, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম কবির এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক স্বপন পাল, সহসাংগঠনিক সম্পাদক ফারজিনা আক্তার, জনসংযোগ কর্মকর্তা লক্ষ্মী রাণী ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রধান আব্দুর রহমান পলাশসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক কর্মসূচিটি পরিচালনায় অংশ নেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত