ডেস্ক নিউজ ||
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। 'Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way' নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্থানীয় নগর কর্তৃপক্ষ।রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে নামফলক উন্মোচন করা হয়। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো সিটি কাউন্সিল সড়কটির নামকরণের অনুমোদন দেয়।বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।নতুন নামকরণ করা সড়কটি বিশ্বখ্যাত স্থাপত্যবিদ এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। ভবনটি একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। শিকাগোর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত উইলিস টাওয়ারের কাছাকাছি সড়কটির অবস্থান হওয়ায় আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছেও নামটি পরিচিতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ জানতে পারবেন।শিকাগোতে এর আগেও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। ২০১৪ সালে ওই উদ্যোগ বাস্তবায়িত হয়।বেগম খালেদা জিয়ার নামে সড়কটির নামকরণে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। উদ্যোগটি বাস্তবায়নে শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভূইয়া এবং অফিস সম্পাদক শাকির ভূইয়া উদ্যোক্তা দলের সদস্য হিসেবে কাজ করেন।শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি এবং রাজনৈতিক অবদানকে সম্মান জানানোর যে প্রত্যয় তিনি দীর্ঘদিন ধরে ধারণ করছেন, এই দুটি উদ্যোগ তারই বাস্তবায়ন।তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের কাছে সড়কটির নামকরণ বিশেষ গুরুত্ব বহন করছে।বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এ উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের পক্ষ থেকে ঐতিহাসিক নামকরণের আবেদন যারা করেছেন, শাহ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে তিনি শুভেচ্ছা জানান। এই উদ্যোগে অংশীদার হতে পেরে তারা গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।রাষ্ট্রদূতের তথ্যমতে, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তী সময়ে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি অনুমোদনের সুপারিশ করে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত