কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদ ভবনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানান, ইউনিয়ন পরিষদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট পরিহিত এক ব্যক্তি প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করে। পরে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তটি।আগুন ও বিস্ফোরণের শব্দ শুনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোহাম্মদ আলী এগিয়ে এসে চিৎকার শুরু করেন। তাঁর ডাক শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত