প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
ডেস্ক নিউজ ||
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় আরও কার্যকর করতে মোতায়েনকৃত সদস্যদের বড় একটি অংশের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিকভাবে এসব কার্যক্রমের ওপর নজর রাখা হচ্ছে। এর মাধ্যমে জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তারা দায়িত্ব পালন করছেন।দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত