ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতামূলক অপতৎপরতার প্রতিবাদে ‘সাধারণ শিক্ষকবৃন্দ’ ব্যানারে সমাবেশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। সমাবেশ থেকে দেশের চলমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন কে ইঙ্গিত করে বলেন, ‘একটি নির্বাচিত সরকার সুন্দর ও স্বচ্ছভাবে দেশ পরিচালনা করছে। এ অবস্থায় কোনো ধরনের বিশৃঙ্খলা, উসকানি ও অগ্নিসংযোগের অপচেষ্টা মেনে নেওয়া যায় না। নিষিদ্ধ সংগঠনগুলো এ ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করলে শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান বলেন, ‘বেশ কিছুদিন ধরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী (কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ) এর পেছনে দায়ী বলে আমরা মনে করি। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উচিত রাজপথে না এসে নিজেদের অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করা। তারা যদি রাজপথে আসার চেষ্টা করে, তাহলে প্রশাসনিক ও গণতান্ত্রিক উপায়ে তা প্রতিহত করা হবে।’তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেউ কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে তা থেকে ফিরে এসে প্রশাসনকে সহযোগিতা করুন। সম্মিলিতভাবে দেশ গঠনে ভূমিকা রাখুন।’সমাবেশে বিজয়-২৪ হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি আ্যসুরেন্স সেলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল, আইসিটি সেলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান, সহকারী অধ্যাপক ইমরুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত