ডেস্ক নিউজ ||
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইট প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরিকল্পনা করা হচ্ছে।প্রস্তাবিত এ ব্যবস্থা চালু হলে উপকূল থেকে অনেক দূরে অবস্থানরত নৌযানের অবস্থানও শনাক্ত করা সম্ভব হবে। এতে সামুদ্রিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হবে।এ উদ্দেশ্যে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।বিএসসিএল সূত্রে জানা গেছে, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এই বিশাল জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে বিস্তৃত সমুদ্র এলাকায় নিয়মিত নজরদারি নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।এ চ্যালেঞ্জ মোকাবিলায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে সামুদ্রিক নৌযানসংক্রান্ত তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। একই সঙ্গে তথ্য ব্যবস্থাপনায় বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। প্রস্তাবিত এআইএস স্যাটেলাইট ব্যবস্থা হবে সামুদ্রিক নৌযান পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত উদ্যোগ।পরিকল্পনা অনুযায়ী, পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকা একবার পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবারও সেই এলাকা পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।এ ব্যবস্থার মাধ্যমে সমুদ্রে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোন নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে, তা বিশ্লেষণ করা সম্ভব হবে। পাশাপাশি অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নেও সহায়ক হবে এ প্রযুক্তি।বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটভিত্তিক এ নজরদারি সেবা চালুর লক্ষ্য রয়েছে।
জেলেদের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমে বাড়বে সক্ষমতাবঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা বিভিন্ন দুর্ঘটনায় পড়ার ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে চলে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযান খুঁজে বের করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়। প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে উপকূল থেকে দূরবর্তী সমুদ্র এলাকায় অবস্থানরত এআইএস সুবিধাসম্পন্ন নৌযানগুলোর গতিবিধিও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।এতে কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে তার অবস্থান শনাক্ত করতে সুবিধা হবে। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর উদ্ধার তৎপরতা পরিচালনাও সহজ হবে।এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমানো এবং জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করতে পারলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় কাজে লাগবে স্যাটেলাইটের তথ্যস্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রম সম্পর্কে দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে, এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণসংক্রান্ত সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে।মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে।তবে এআইএস প্রযুক্তির মূল কাজ সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করা নয়। এর মাধ্যমে মূলত নৌযানের পরিচয়, অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।সমুদ্রের কোন এলাকায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি এবং সমুদ্রস্রোতের মতো বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।অর্থাৎ, এআইএস প্রযুক্তি জানাবে কোনো নৌযান কোথায় রয়েছে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি বিশ্লেষণ করে জানাতে পারবে কোন এলাকায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যভিত্তিক মৎস্য ব্যবস্থাপনার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্য
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত