ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মোহাম্মদ সালাউদ্দিন পলাশ। তিনি বলেছেন, ‘আমাদের অন্যতম সমস্যা হলো, আমরা চাকরি করতে চাই, কিন্তু চাকরি দিতে চাই না।’বুধবার সকালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) একাডেমিক ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ‘দৈনন্দিন সমস্যা থেকে ব্যবসায়িক ধারণা’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।‘চাকরিপ্রার্থী থেকে চাকরিদাতা’ শিরোনামে উপস্থাপিত প্রবন্ধে অধ্যাপক সালাউদ্দিন পলাশ বলেন, ২০২৪ সালে দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ছিল ৮ লাখ ৮৫ হাজার। এ পরিস্থিতিতে কেবল চাকরির অপেক্ষায় না থেকে তরুণদের নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির দিকে মনোযোগী হতে হবে।দৈনন্দিন জীবনের নানা সমস্যাকে কীভাবে সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়া যায়, তা বোঝাতে দেশি-বিদেশি ছয়টি উদাহরণ তুলে ধরেন তিনি। কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ‘আইফার্মার’ ও ডিজিটাল ব্যাংকিংয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, কৃষকের কাছ থেকে যে দামে পণ্য কেনা হয়, ভোক্তাকে তা কিনতে ২৫২ শতাংশ বেশি মূল্য দিতে হয়। উৎপাদক ও ভোক্তার মধ্যকার এই বিশাল মূল্য ব্যবধান কমিয়ে আনার মধ্যেও নতুন ব্যবসায়িক উদ্যোগের সুযোগ রয়েছে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো পর্যবেক্ষণ করে সেগুলো সমাধানের মধ্য দিয়ে নতুন ব্যবসায়িক ধারণা তৈরির আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী।ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী।এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত