মোহাম্মদ জাকির শাহ , স্টাফ রিপোর্টার ||
লক্ষীপুরের কমলনগরে জমি কেনাবেচার বিরোধকে কেন্দ্র করে এক অসহায় পরিবারের বসতঘর ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে চর জাঙ্গালিয়া ইউপি সদস্য নয়ন মেম্বার ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মঙ্গলবার সকাল দশটায় কমলনগর উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইমানবলি মার্কেট বাজারা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আবুল বাশার, পিতা মৃত পরিদ মিয়া। তাঁর পরিবারের দাবি, নদীভাঙনের শিকার হয়ে তাঁরা সাহেবেরহাট ইউনিয়ন থেকে এসে চর কাদিরা ইউনিয়নের ওই এলাকায় বসতি গড়ে তোলেন।পরিবার সূত্রে জানা যায়, আবুল বাশার আবু তাহেরের মাধ্যমে ৪০ শতাংশ জমি ৭ লাখ ৭৫ হাজার টাকায় কেনার জন্য স্ট্যাম্পে বায়নাচুক্তি করেন। চুক্তি অনুযায়ী জমির সম্পূর্ণ টাকা আবু তাহেরকে পরিশোধ করেন তিনি। পরে ওই জমিতে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমির দলিল চাইলে আবু তাহের জানান, জমির প্রকৃত মালিক দেলোয়ার বিদেশে রয়েছেন। তিনি দেশে ফিরলে দলিল করে দেওয়া হবে। এ আশ্বাসে দীর্ঘদিন অপেক্ষা করলেও জমির দলিল বুঝে পাননি আবুল বাশার।পরবর্তীতে তাঁরা জানতে পারেন, আবু তাহেরের সঙ্গে জমির প্রকৃত মালিকের সম্পূর্ণ টাকা-পয়সার লেনদেন নিষ্পত্তি হয়নি। এ নিয়ে জমির মালিকানা দাবি করা পক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় এবং তাঁদের জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের।ভুক্তভোগীদের অভিযোগ, আজ সকাল ১০টার দিকে নয়ন মেম্বার, তাঁর ছেলে-মেয়েসহ বেশ কয়েকজন লোক দলবদ্ধভাবে এসে তাঁদের বসতঘরে হামলা চালান। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করে চাল, ডালসহ ঘরের বিভিন্ন মালামাল পুকুরে ফেলে দেওয়া হয়। পাশাপাশি নগদ প্রায় ৩ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তাঁরা। এতে পরিবারটির ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।আবুল বাশারের স্ত্রী মিনোয়ারা বেগম বলেন, আমরা আবু তাহেরের কাছ থেকে টাকা দিয়ে জমি কিনেছি। জমি নিয়ে তাঁদের সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল না। যদি আবু তাহেরের সঙ্গে জমির মালিকদের কোনো লেনদেন বা বিরোধ থাকে, তাহলে তাঁরা বসে বিষয়টি সমাধান করতে পারতেন। কিন্তু তা না করে আমাদের মতো অসহায় মানুষের ঘরবাড়ি ভেঙে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। নগদ টাকা ও ঘরের জিনিসপত্রও নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা পরিবার নিয়ে চরম অসহায় অবস্থায় আছি।এ বিষয়ে আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জমিটি তিনি নয়ন মেম্বার ও তাঁর মেয়ে মিতুর কাছ থেকে নিয়েছিলেন। মিতুর স্বামী দেলোয়ার বিদেশে থাকায় তাঁরা তখন দলিল দিতে পারেননি। স্বামী বিদেশ থেকে দেশে ফিরলে দলিল করে দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে পরবর্তীতে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জমি বিক্রি করবেন না বলে জানান।অন্যদিকে, অভিযুক্ত নয়ন মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, আবুল বাশার তাঁদের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছিলেন। তাঁরা কারোর কাছে জমি বিক্রি করেননি। বারবার ঘর সরিয়ে নেওয়ার কথা বলার পরও ঘর না সরানোয় তাঁরা সেটি ভেঙে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত