মোঃ আক্তার হোসেন , উপজেলা প্রতিনিধি ||
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধা রোগীকে লাঞ্ছিত করার অভিযোগের ঘটনায় সরেজমিনে তদন্ত করেছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।রোববার (৮ নভেম্বর) তদন্ত কমিটির সদস্যরা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অভিযোগের বিভিন্ন দিক পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হয়।তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন চাঁদপুরের সিভিল সার্জন।উল্লেখ্য, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে এক বৃদ্ধা রোগীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়া ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।এদিকে, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান শেষে তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত