ডেস্ক নিউজ ||
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। সভাপতি পদে আলোচনায় রয়েছেন গোলাম রাব্বানী রবিন ও রফিকুল ইসলাম রফিক। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রে রয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি জসিম উদ্দিন। আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা সামনে রেখে শীর্ষ পদগুলোতে নিজেদের পছন্দের নেতৃত্ব দেখতে চান নেতাকর্মীদের বিভিন্ন অংশ।সভাপতি পদে আলোচনায় থাকা গোলাম রাব্বানী রবিন ও রফিকুল ইসলাম রফিক দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাঁদের অনুসারীদের মতে, রাজনৈতিক প্রতিকূলতার সময়ে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিজ্ঞতা তাঁদের নেতৃত্বের আলোচনায় রেখেছে। নতুন কমিটিতে তাঁদের মধ্য থেকে কাউকে সভাপতি হিসেবে দেখতে প্রত্যাশী সমর্থকেরা।অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা জসিম উদ্দিনকে ঘিরেও নেতাকর্মীদের একটি অংশের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। রাজপথের আন্দোলন, মামলা ও কারাবরণের অভিজ্ঞতার কথা তুলে ধরে তাঁকে এ পদে দেখতে চান তাঁর সমর্থকেরা।তাঁদের দাবি, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে একাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে জসিম উদ্দিনকে। রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে কারাবরণও করতে হয়েছে তাঁকে বলে জানান অনুসারীরা।জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও তাঁর ভূমিকার কথা তুলে ধরছেন নেতাকর্মীরা। তাঁদের ভাষ্য, আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয় করে অবরোধ কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন জসিম উদ্দিন। আন্দোলনের কঠিন সময়ে তাঁর সাংগঠনিক তৎপরতা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করেছে বলেও দাবি তাঁদের।ছাত্রদল নেতা তৌহিদুলের ভাষ্য, সাংগঠনিক দক্ষতা, রাজপথের অভিজ্ঞতা এবং নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকার কারণে জসিম উদ্দিনের প্রতি তাঁদের আস্থা রয়েছে। এসব বিবেচনায় তাঁকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তাঁরা।সব মিলিয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি পদে গোলাম রাব্বানী রবিন ও রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিনকে ঘিরে আলোচনা চলছে। তবে শীর্ষ পদগুলোতে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাচ্ছেন, তা নির্ভর করছে সংগঠনের দায়িত্বশীল নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত