কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা এবং সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করল সংগঠনটি।বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেস ক্লাবের তৃতীয় তলায় অবস্থিত মিলনায়তনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়।প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রেস ক্লাবকে এত সুন্দর একটি স্বাস্থ্যসেবামূলক আয়োজনের প্রয়োজন ছিল। এ উদ্যোগের মাধ্যমে জেলার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করি। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন।তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ সংখ্যা আরও দ্বিগুণ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নিয়মিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা গেলে রোগীদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ হবে।প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান।দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে তিনটি প্রতিষ্ঠানের চিকিৎসক ও মেডিকেল টিম অংশ নেন। এর মধ্যে ছিল চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসক এবং চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালের চিকিৎসক দল।ক্যাম্পে অংশগ্রহণকারীদের ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও সাধারণ চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত