কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুরে ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) কার্যক্রম নিষিদ্ধ এবং শহরের মুনসেফপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এ দাবি জানিয়ে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে এবং সদর উপজেলা সাধারণ সম্পাদক মুফতি নূরে আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাফেজ আবুল হাসানাতসহ অন্য নেতারা।বক্তারা বলেন, চাঁদপুরে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করছেন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁদের সুসম্পর্ক রয়েছে। তবে ইসকনের কথিত বিতর্কিত ও দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।তাঁরা আরও বলেন, ২০২৪ সালে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা ঘটে। ধর্মীয় সংগঠনের আড়ালে কেউ আইন, সংবিধান ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।স্মারকলিপিতে ইসকনের কার্যক্রমের পাশাপাশি মুনসেফপাড়ার নীলাচল মন্দিরের কার্যক্রম, অবস্থান, অনুমোদন ও আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত