ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
‘রান ফর ডেমোক্রেসি, রান ফর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু হয়। বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে অংশ নেন প্রায় ২০০ শিক্ষক-শিক্ষার্থী।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার সরওয়ার জাহান, জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এবং মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং গণতন্ত্র ও দেশকে ধারণ করে জাবিপ্রবি ছাত্রদলের এই ম্যারাথন আয়োজন একটি ব্যতিক্রমী উদ্যোগ। সুনির্দিষ্ট লক্ষ্য ও টার্গেট অর্জনের মাধ্যমে সুস্থ ও দক্ষ জাতি গঠনে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।’উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, ‘জাবিপ্রবি ছাত্রদলের ম্যারাথন আয়োজন অত্যন্ত সৃজনশীল ও প্রশংসনীয়। আমাদের অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও মেধা ও সৃজনশীলতার কোনো কমতি নেই। যুবসমাজকে মাদক ও নেতিবাচকতা থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বমঞ্চে পরিচিত করতে এ ধরনের সৃজনশীল কর্মসূচি নিয়মিত চালিয়ে যেতে হবে।’ম্যারাথনে পুরুষ ও নারী উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, ফিনিশার মেডেল, সনদপত্র, ব্যক্তিগত আলোকচিত্র, খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি চিকিৎসা, পরিবহন ও নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়।আয়োজক ছাত্রদলের নেতারা জানান, তরুণদের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ানো, সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তাঁরা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত