ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন ও একাডেমিক ক্ষতির হুমকির অভিযোগের সত্যতা পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সঙ্গে দাখিল করা প্রমাণাদির প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রক্টরিয়াল বডি।বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১২ অক্টোবর ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেজওয়ান হাসান যীনাতের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।প্রক্টরিয়াল অফিসের বিবৃতিতে বলা হয়, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানের উপস্থিতিতে অভিযোগের সঙ্গে দাখিল করা প্রমাণাদি ও আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করা হয়েছে। অভিযোগে উল্লিখিত তারিখ ও সময়ে বিভাগের কার্যালয়ের সার্বিক পরিবেশ পর্যালোচনা করেও এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এ ছাড়া পরীক্ষায় কম নম্বর পেলেও তা বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার অভিযোগের সঙ্গে উপস্থাপিত সাক্ষীর বক্তব্যের কোনো সাদৃশ্য পাওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।অভিযোগকারী রেজওয়ান দাবি করেছিলেন, ফেসবুকে করা একটি মন্তব্যের জেরে যীনাত তাঁকে ভয়ভীতি দেখান এবং তাঁর একাডেমিক ক্ষতির হুমকি দেন। তবে অভিযোগ অস্বীকার করে যীনাত শুরু থেকেই একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।যীনাত মিয়া আজিজুল বলেন, ‘আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে দাখিল করা প্রমাণাদির কোনো সম্পর্ক পাওয়া যায়নি এবং অভিযোগের সত্যতাও প্রমাণিত হয়নি। এমন ভিত্তিহীন অভিযোগ ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।’বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাচাইপ্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ প্রক্রিয়া অনুসরণ করা উচিত। তাঁর দাবি, অভিযোগকারী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী। তবে অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের বিবৃতিতে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।’প্রক্টরিয়াল অফিসের বিবৃতিতে যীনাতের বিরুদ্ধে আনিত অভিযোগটিকে প্রমাণবিহীন ও ভিত্তিহীন উল্লেখ করে আরো বলা হয়, এ ধরনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। একই সঙ্গে অভিযোগ যাচাইয়ের আগে তা গণমাধ্যমে প্রচার না করার বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত