ডেস্ক নিউজ ||
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানান।সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সামনের কয়েক মাস গুরুত্বপূর্ণ। এ সময়ে রোগটির বিস্তার ঠেকাতে সরকারি সংস্থাগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে নিয়মিত প্রচারণা চালানোর পাশাপাশি জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধের উপায় ও করণীয় তুলে ধরার নির্দেশনা দেন তিনি।এ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত