মোঃ আক্তার হোসেন , উপজেলা প্রতিনিধি ||
চাঁদপুরের হাইমচর উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।তিনি বলেন, শিক্ষা একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক কিংবা প্রতিষ্ঠানপ্রধানদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে মনোযোগী করা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। পরিচালনা কমিটির সভাপতিদের প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের প্রতি নজর রাখতে হবে। পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং প্রতিষ্ঠানপ্রধানদের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত তদারকি করতে হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; তাদের সুশিক্ষিত, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।গভর্নিং বডির সদস্যদের উদ্দেশ্যে বলেন, অন্ততপক্ষে সপ্তাহে দুইদিন করে স্কুলের সার্বিক খোঁজ খবর রাখে তাহলে বুঝা যাবে ওই স্কুলের মান কেমন এবং হাইমচরের শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, শিক্ষার্থীরা যাতে উপযুক্ত পরিবেশে লেখাপড়া করতে পারে, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিতে হবে।হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় যৌথভাবে সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আহসানুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান।সভায় বক্তব্য দেন হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেদারুল আলম, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মানসুর আহমেদ, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, হাইমচর উত্তর চরভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আক্তার হোসেন পলাশ, আলগী বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জিল্লুর রহমান, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু জাফর শেখ ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ অন্যরা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত