কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুর সদর উপজেলা ও সোতোকান কারাতে একাডেমির আয়োজনে কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিয়ে কারাতের বিভিন্ন কলাকৌশল ও আত্মরক্ষার কৌশল শেখেন।শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।দুপুরে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, কারাতে শেখার মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি আত্মরক্ষার কৌশল অর্জন করা যায়। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। প্রশিক্ষণার্থীদের অধিকাংশই স্কুলপড়ুয়া। নিজেরা ভালোভাবে শিখে অন্যদের শেখাতেও সহযোগিতা করতে হবে। প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিপক্ষের মনোভাব নয়।তিনি আরও বলেন, কারাতে শিখে প্রশিক্ষণার্থীরা ভালো পর্যায়ে পৌঁছাবে, এটাই প্রত্যাশা। এ ক্ষেত্রে কারও ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজন হলে তাঁকে জানাতে পারবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সবার জন্য শুভকামনা জানান।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের সহসভাপতি শিহান এ বি রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক সেনসী মঈনুল হোসেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান কোচ সেনসী মো. জসিম গাজী।সেমিনারে প্রশিক্ষণার্থীদের কারাতের বিভিন্ন কলাকৌশল ও আত্মরক্ষার পদ্ধতি শেখানো হয়। এসব প্রশিক্ষণ তাঁদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত