মোঃ তাহমীদ হোসেইন চৌধুরী , স্টাফ রিপোর্টার ||
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের অবৈধ ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে ১৬৮ বোতল ভারতীয় মদ, দুটি ভারতীয় এয়ারগান এবং বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ রয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম ও বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা গেছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তবর্তী একটি এলাকা থেকে ডিআই পিকআপে অভিনব কৌশলে ফলের ক্যারেটে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সময় অন্য একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান জব্দ করা হয়।এ ছাড়া অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবি অধিনায়ক।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত