ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
‘হাওর-পাহাড়-নদী বেষ্টিত আমাদের নেত্রকোনা, সহজ সরল মিষ্টি স্বভাব আর অতিথি পরায়ণা’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ফ্রেশার্স রিসেপশন ও সিনিয়রস হারমনি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে আনন্দঘন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেত্রকোনা জেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুজিত রায়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা ও উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলম এবং নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি দেবব্রত সরকার৷ অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের এ ধরনের আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেত্রকোনা জেলার কৃষ্টি, সংস্কৃতি ও অতিথিপরায়ণতার ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত