কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হয়েছেন চাঁদপুর জেলার মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।শনিবার (২৬ সেপ্টেম্বর ) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে মর্যাদাপূর্ণ এ পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য মনোনীত করা হয়।মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।রাষ্ট্রপতি পুলিশ পদক লাভের খবরে চাঁদপুর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে এ অর্জনকে গৌরব ও সম্মানের বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জাবীর হুসনাইন সানীবকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে।এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানিয়েছে, একজন পুলিশ কর্মকর্তার পেশাগত দায়িত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক অত্যন্ত মর্যাদাপূর্ণ। জাবীর হুসনাইন সানীবের এই অর্জন তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সাফল্য জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।সংশ্লিষ্টরা আশা করছেন, রাষ্ট্রীয় পর্যায়ের এই সম্মাননা জাবীর হুসনাইন সানীবকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে। তাঁর এই অর্জন মতলব ও চাঁদপুরবাসীর কাছেও গর্বের বিষয় হয়ে উঠেছে।চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়েছে।সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, ভবিষ্যতে যেন সততা, দক্ষতা, দায়িত্বশীলতার সহিত সাহসিকতার সঙ্গে কাজ করে যেতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত