প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
হাইমচর উপজেলায় যুবদল নেতার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত
মোঃ আক্তার হোসেন , উপজেলা প্রতিনিধি ||
চাঁদপুরের হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়কের উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখা।শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন এবং সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন বাহার এই প্রতিবাদ জানান।বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ২৬ সেপ্টেম্বর সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি হাইমচর উপজেলায় কোথাও জামায়াতকে সভা-সমাবেশ করতে না দেওয়ার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, এ ধরনের বক্তব্য দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টার শামিল।বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ঐতিহাসিক গণবিপ্লবে বিএনপি ও জামায়াতসহ আপামর জনসাধারণ একত্রে ফ্যাসিবাদ ও স্বৈরাচার সরকারকে এদেশ থেকে উৎখাত করেছে। যুবদল নেতার এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আগামী দিনে হাইমচরের গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।আওয়ামী ফ্যাসিবাদের পতনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে হাইমচরে রাজনৈতিক সহাবস্থান এবং একটি শৃঙ্খলিত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত