মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে দেশীয় বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি ও প্রচারের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় কিশোর-তরুণদের নিয়ে গড়ে ওঠা ‘OST (Our Street Team)’ নামের একটি গ্রুপের টিম লিডারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রুপটির সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন শেখ ওসামা আল জামান ওরফে ওসামা (২০), উত্তর বেজুগলিয়া এলাকার শেখ নুরুজ্জামান ওরফে চুকু মেম্বারের ছেলে; সাকিব উদ্দিন শরীফ (১৯), মো. রফিক উদ্দিনের ছেলে এবং মো. আমজাদ হোসেন (১৯), মো. আকবর হোসেনের ছেলে। তারা সবাই তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশের দেওয়া তথ্যমতে, শেখ ওসামা আল জামানের নেতৃত্বে যুবক ও কিশোরদের নিয়ে ‘OST (Our Street Team)’ নামের গ্রুপটি গড়ে ওঠে। গ্রুপটিতে মোট ১৯ জন সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপটির কার্যক্রম নজরে আসে। ফেসবুক ও টিকটকে গ্রুপটির সদস্যদের বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি ও প্রচারের অভিযোগ ওঠে। এসব ভিডিওতে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে কিশোর ও তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা এবং পেশিশক্তির প্রদর্শন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।পুলিশ বলছে, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শন নয়, গ্রুপটির সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানের পাশাপাশি গ্রুপটির অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রুপটির টিম লিডারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রুপটির অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযান চলমান রয়েছে।পুলিশের এমন অভিযানের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে কিশোর-তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রবণতার বিষয়টিও সামনে এসেছে। বিশেষ করে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভিডিও তৈরি ও তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের পাশাপাশি গ্রুপটির পেছনে আর কেউ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং গ্রুপটির বাকি সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত