ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭-এর ১৩(১) ধারা অনুযায়ী তাঁকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটে—ততদিন বহাল থাকবে। এ পদে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোষাধ্যক্ষকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব তাঁকে পালন করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে জাবিপ্রবির প্রথম কোষাধ্যক্ষ হিসেবে ২০২১ সালের ৫ মে নিয়োগ পেয়েছিলেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান। পরে তাঁকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর তিনি ওই পদে যোগ দেন।জাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে তাঁর নিয়োগের পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন থেকে আপত্তি ও নিয়োগ বাতিলের দাবি ওঠে। তাঁদের বক্তব্য ছিল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে আমলা বা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও বিশ্ববিদ্যালয়ের মৌলিক ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন যৌথ ও পৃথকভাবে বিবৃতিও দেয়। পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের পর জাবিপ্রবিতে শিক্ষার্থীদের একটি পক্ষ থেকে তাঁর পদত্যাগের দাবি উঠেছিলো। এরই মধ্যে এবার প্রায় দুই বছর পর বিশ্ববিদ্যালয়টিতে দ্বিতীয় কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত