ডেস্ক নিউজ ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ বৈঠকে দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা ভারতসহ বিভিন্ন দেশ থেকে অনলাইনে যুক্ত হন। কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্যদের পাশাপাশি ভবিষ্যতে দলের কেন্দ্রীয় নেতৃত্বে যুক্ত হতে পারেন, এমন কয়েকজন নেতাও আলোচনায় অংশ নেন বলে সূত্রের দাবি।দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নেতারা মতামত দেন। দীর্ঘমেয়াদি সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস এবং দলের কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়টিও আলোচনায় আসে বলে জানা গেছে। শেখ হাসিনা এর আগে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। দলের জ্যেষ্ঠ নেতাদেরও দেশে ফিরে আদালতে হাজির হওয়ার ইচ্ছার কথা তিনি জানিয়েছিলেন বলে দলীয় সূত্র উল্লেখ করেছে।এদিকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মসূচির প্রতিও আওয়ামী লীগের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের সাংগঠনিক ও রাজনৈতিক করণীয় নিয়েও নেতারা বক্তব্য দেন।বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বে নতুন তিনজনকে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। তবে তাদের নাম বা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে সূত্র জানিয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই দিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন এবং এরপর থেকে ভারতে অবস্থান করছেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত