ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) একটি আংশিক কমিটি ঘোষণা করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম বাদ দিয়ে পুরনো নাম ব্যবহার করা হয়েছে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়৷ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।অনুমোদিত এই কমিটিতে তাইফুল ইসলাম পলাশকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ইনতিসার আহমেদ সানি, হিজরাত উল হাসান সান ও নাজমুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক পদে অভিমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত সৌরভকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করা হয়।বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রমতে, কমিটিতে থাকা ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব নেই। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা প্রস্তুতি, হুমকি ও বিরোধীতার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত গণতদন্ত কমিশনের সুপারিশে তারা বিভিন্ন মেয়াদে শাস্তি পায়।এ ঘটনার জেরে তীব্র নিন্দা জানিয়ে আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ এবং সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।এর আগে এ বিষয়ে শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি যে কমিটি প্রকাশ করেছে, সেখানে যে নাম ব্যবহার করা হয়েছে— জামালপুরে বাস্তবে সেই নামের কোনো বিশ্ববিদ্যালয়ই নেই। সুতরাং, এই অবাস্তব ও ভিত্তিহীন কমিটির কোনো বৈধতা বা মূল্য নেই; এটি সম্পূর্ণ একটি ভুয়া৷’এ বিষয়ে নতুন কমিটির ঘোষিত সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্বনাম ছিল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। পরবর্তীতে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে বর্তমান নাম তথা ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নির্ধারণ করা হয়। নাম পরিবর্তনের এই বাস্তবতাকে উপেক্ষা করে পুরনো নামে এবং নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরেও কমিটি ঘোষণা করায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত