ডেস্ক নিউজ ||
ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। জন্মাষ্টমীর উৎসবকে কেন্দ্র করে বাইরে বের হওয়া মানুষও এ সময় বৃষ্টির মধ্যে পড়েন। আবহাওয়া পরিস্থিতির অবনতি এবং আরও ভারী বৃষ্টির পূর্বাভাসে ফের রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।দুপুরের দিকে কালো মেঘে ঢেকে যায় দিল্লির আকাশ। বৃষ্টির তীব্রতা বাড়লে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা যায় সাধারণ মানুষকে।আইএমডির তিন ঘণ্টা অন্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, পালামে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে, নজফগড়ে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০.৫ মিলিমিটার। ওই সময়ের মধ্যে দিল্লির অধিকাংশ পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড হয়নি।দুপুর ২টা ১৫ মিনিটে জারি করা স্বল্পমেয়াদি পূর্বাভাসে আইএমডি জানায়, পরবর্তী দুই ঘণ্টায় দিল্লির অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও রয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকাতে পারে। এ সময়ও কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী তিন ঘণ্টায় দিল্লির বেশিরভাগ এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।এর আগে ২৫ আগস্টও দিল্লিতে ভারী বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হয়েছিল। সেবার জলমগ্ন সড়ক, কোথাও কোমরসমান পানি এবং ধীরগতির যানবাহনের কারণে তীব্র যানজট দেখা যায়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তখনও রেড অ্যালার্ট জারি করেছিল আইএমডি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত