ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবিপ্রবি শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় জামালপুর শহরের লুয়েজ ভিলেজ পার্কে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে জাবিপ্রবির দুই শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ইসলামে মানুষের কল্যাণ সাধন এবং হালাল উপার্জনের লক্ষ্যে জ্ঞানার্জন করাও ইবাদতের অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয়ের চার বছরকে কেবল উপভোগের সময় মনে না করে প্রথম বর্ষ থেকেই ক্যারিয়ারের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে।’উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির বিষয়ে সাদ্দাম আরও বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে যেতে হলে ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ের মতো সফট স্কিল অর্জন জরুরি। উচ্চশিক্ষার জন্য শিক্ষকদের তত্ত্বাবধানে গবেষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে সরকারি চাকরির জন্য প্রথম বর্ষ থেকেই পরিকল্পিত একাডেমিক গ্রুপ স্টাডি গড়ে তোলা প্রয়োজন।’অনুষ্ঠানে অংশ নেওয়া ফিশারিজ বিভাগের নবীন শিক্ষার্থী মেহেদী হাসান নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে কীভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, তা আমরা এই আয়োজন থেকে শিখেছি। অতিথিদের প্রতিটি কথাই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।’জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফাহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে আলোচনা করেন শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাড. মুজিবুর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক সভাপতি ডা. নিয়াজ রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি নাজমুল হক সাঈদী।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত