প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
২৩তম রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত বঙ্গভবন
ডেস্ক নিউজ ||
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের পাশেই অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এই বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাষ্ট্রপতির শপথকে ঘিরে বঙ্গভবন এলাকায় তৈরি হয়েছে ভিন্নরকম পরিবেশ। সাধারণত কোলাহলপূর্ণ ও জনবহুল এই এলাকায় এখন নিরাপত্তা জোরদারের পাশাপাশি চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। নিয়ন্ত্রিত যান চলাচল এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বদলে গেছে পুরো এলাকার চিত্র। নতুন রাষ্ট্রপ্রধানকে বরণে যেন প্রস্তুত বঙ্গভবন।শুক্রবার (২১ আগস্ট) গুলিস্তান ও বঙ্গভবনের আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, বঙ্গভবনের সামনে দীর্ঘদিন ধরে থাকা ব্যারিকেডগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আশপাশের সড়কগুলোও পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়েছে। কোথাও কোথাও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালন করতে দেখা যায়।এ ছাড়া বঙ্গভবনকেন্দ্রিক বিভিন্ন সড়কে ডাইভারশন রাখা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকেও অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ফুটপাতসহ আশপাশের বেশ কিছু এলাকা তুলনামূলক ফাঁকা দেখা গেছে। তবে জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রয়েছে।রাষ্ট্রীয় এই ভবনের ভেতরে নতুন রাষ্ট্রপ্রধানকে বরণে বড় ধরনের প্রস্তুতি চললেও বাইরে থেকে তার পুরো চিত্র বোঝার সুযোগ নেই। তবে বঙ্গভবনের সামনের অংশ পরিচ্ছন্ন ও সুসজ্জিত করে রাখা হয়েছে। প্রবেশপথ এবং বিভিন্ন স্থাপনার আশপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।এদিকে, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকার যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে বৃহস্পতিবারই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত