প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার পথ সুগম করতে গাজীপুরে আইএসইউ এর ক্যারিয়ার কাউন্সেলিং
তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
নার্সিং শিক্ষার্থী ও ইন্টার্নদের উচ্চশিক্ষার সুযোগ এবং ক্যারিয়ার গঠনের লক্ষ্যে গাজীপুরের তায়রুন্নেসা মেমোরিয়াল নার্সিং কলেজে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার কাউন্সেলিং শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে শতাধিক ইন্টার্ন ও সদ্য পাস করা নার্স ছাড়াও শিক্ষক এবং কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে নার্সিং পেশায় জড়িতদের জন্য আগামী দিনে মাস্টার অব পাবলিক হেলথ বা এমপিএইচ ডিগ্রির গুরুত্ব এবং পেশাগত উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তায়রুন্নেসা মেমোরিয়াল নার্সিং কলেজের পরিচালক সানজিদা ভূঁইয়া হক। সেমিনারে মূল আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ফয়জুল্লাহ কৌশিক। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কাজী রকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ লিউনি লিপিকা রোজারিও এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ডা. মো. আমানুল্লাহ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় ও পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহকারী পরিচালক মো. তৌহিদুজ্জামান।সেমিনারের একটি বড় অংশজুড়ে ছিল সরাসরি মতবিনিময় পর্ব। এখানে শিক্ষার্থীরা তাঁদের ক্যারিয়ার ও ভর্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর সরাসরি জানার সুযোগ পান। আয়োজকরা আশা করছেন এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী যোগাযোগ তৈরি হবে যা ভবিষ্যতে তাঁদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত