তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি এবং বর্তমান চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা দিতে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে 'জার্নি টু ক্যারিয়ার' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে বিডিজবস ডটকমের উদ্যোগে এই আয়োজন করা হয়।সেমিনারের শুরুতে শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে সময়োপযোগী এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানোয়ারা সুলতানা, উপাধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। তাঁরা প্রত্যেকেই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী কর্মজীবনের প্রস্তুতি নিতে এ ধরনের সেমিনারের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ। তিনি শিক্ষার্থীদের বর্তমান চাকরির বাজারের বাস্তবতা, ক্যারিয়ার পরিকল্পনা, পেশাদার জীবনবৃত্তান্ত তৈরি এবং ইন্টারভিউয়ের প্রস্তুতির ওপর বিশদ আলোচনা করেন। পাশাপাশি বিডিজবস ডটকমে কীভাবে একটি কার্যকর প্রোফাইল তৈরি করতে হয় সে বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন।আলোচনায় প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং নিজের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী ক্যারিয়ারের পরিকল্পনা সাজানোর ওপর জোর দেওয়া হয়। চাকরির বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করার পাশাপাশি একটি পেশাদার সিভি কীভাবে চাকরিপ্রার্থীর যোগ্যতাকে সঠিকভাবে তুলে ধরতে পারে সে বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও সাক্ষাৎকারে নিজেকে প্রমাণের উপায় এবং বিডিজবস প্রোফাইল নিয়মিত হালনাগাদ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এতে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং প্রধান বক্তা অত্যন্ত সাবলীলভাবে তাঁদের সিভি, দক্ষতা উন্নয়ন ও চাকরির প্রস্তুতি বিষয়ক নানা কৌতূহল মেটান। একই সঙ্গে আগামী ২২ আগস্ট গাজীপুরে অনুষ্ঠিতব্য বিডিজবস জব ফেয়ারে অংশ নেওয়ার বিষয়েও শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। মেলার আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে সম্ভাব্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়।শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে চাকরির বাজারের বাস্তব পরিস্থিতি নিয়ে সরাসরি অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এমন দিকনির্দেশনা পেয়ে উপস্থিত শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে কর্মজীবনে সফলভাবে প্রবেশের পথ সুগম করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য। আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত