প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
ডেস্ক নিউজ ||
নেত্রকোণা সদর এলাকায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়।ময়মনসিংহ র্যাবের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গৌরীপুর থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার এড়াতে রিপন মিয়া আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, অভিযোগের বিষয়ে সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়। সালিসের বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির উঠানে রান্না করার সময় রিপন মিয়া জোর করে ওই স্কুলছাত্রীকে পাশের একটি জঙ্গলে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ঘটনার সময় মেয়েটির বাবা ও মা দুজনই বাড়ির বাইরে কাজে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে রিপন মিয়া সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।উল্লেখ্য, মামলার অভিযোগের ভিত্তিতে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়ার আগে তাকে দোষী হিসেবে বিবেচনা করা যাবে না।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত