কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে (সাবেক ইউপি সচিব) জনস্বার্থে একযোগে বদলি করা হয়েছে। জেলার আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করে অফিস আদেশ জারি করেছে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা।বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের স্থানীয় সরকার শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. এরশাদ উদ্দিন।অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে বদলি ও পদায়ন করা হয়েছে।আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ওই দিন বিকেলেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (রিলিজ) বলে গণ্য হবেন সংশ্লিষ্ট কর্মকর্তা।বদলির তালিকায় চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন।জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার জারি করা আদেশের অনুলিপি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুরের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।একযোগে এ বদলির ফলে জেলার ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন কর্মপরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বদলির ফলে মাঠপর্যায়ে স্থানীয় সরকার সেবার কার্যক্রম কতটা গতিশীল হয়, তা নির্ভর করবে নতুন কর্মস্থলে কর্মকর্তাদের দ্রুত যোগদান ও দায়িত্ব পালনের ওপর।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত