মোঃ আক্তার হোসেন , উপজেলা প্রতিনিধি ||
চাঁদপুরের হাইমচরে চাঁদার টাকা না দেওয়ায় একটি নিরীহ পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই প্রধান আসামিকে গ্রেফতার করেছে।শুক্রবার (২৪ জুলাই) জুম্মার নামাজ শেষে হাইমচরের ভিঙ্গুলিয়া বায়তুন নূর জামে মসজিদের সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।গ্রেফতারকৃত আসামিরা হলেন- হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া (গাজী বাড়ি) গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বাবু গাজী (৩০) এবং রাফি গাজী (২৫)।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাইমচর থানার ওসির দিকনির্দেশনায় এসআই শ্রী সমীর দাস ও এসআই সৌরভ দাশসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় আসামিদের নিজ বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১ নম্বর আসামি নাজমুল হোসেন বাবু গাজী বাদী ফরিদা বেগমের স্বামী মান্নান শেখের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা তার পথরোধ করে চাঁদার টাকা দাবি করে। ওই সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র রামদা, লোহার পাইপ ও ছেনী নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মান্নান শেখসহ চারজনকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত