ডেস্ক নিউজ ||
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটক করেছে দিল্লি পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে পুলিশ তাদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এ সময় কংগ্রেসের আরও কয়েকজন নেতাকর্মীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।এর আগে, সোমবার ভারতের সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পথযাত্রায় পুলিশের অভিযানের প্রতিবাদে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলের নেতারা রাজপথে নামেন। তারা শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, "গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর পুলিশ যে নৃশংসতা ও বলপ্রয়োগ করেছে, সে বিষয়ে সরকারের কাছে জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদির বাসভবন পর্যন্ত গণমিছিল করেছি।"তিনি আরও অভিযোগ করেন, সরকার এ ঘটনার দায় নিতে চায় না এবং সংসদে বিষয়টি নিয়ে কোনো গঠনমূলক আলোচনাতেও আগ্রহ দেখাচ্ছে না। রাহুলের ভাষায়, "ভারতের কোটি কোটি যুবকের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ করা উচিত।"শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে বিক্ষোভকারীরা মোদিবিরোধী বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের মতো কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবের এই বিক্ষোভ এবং পরবর্তী আটকের ঘটনা ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত