তানজিদ শুভ্র, ক্যাম্পাস প্রতিনিধি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে 'ক্যারিয়ার সামিট চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬'। মঙ্গলবার (২০ জুলাই) দিনব্যাপী আয়োজিত এই মেলায় স্নাতক সম্পন্ন করা ও অধ্যয়নরত শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান।সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। পরে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ক্যারিয়ার সামিট বক্তৃতা পর্ব অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় একই স্থানে মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এর আগে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং জিএস সাঈদ বিন হাবিব।মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখান থেকে তারা চাকরি সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ার পাশাপাশি বিভিন্ন কোম্পানির সঙ্গে চমৎকার নেটওয়ার্কিং তৈরি করতে পারবে।ক্যারিয়ার সামিটে উপাচার্য আরও বলেন, সাফল্যের মূল চাবিকাঠি হলো নিজেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেয় না, বরং কর্মক্ষেত্রে যোগ্যতা প্রমাণের জন্য দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করে। তাই পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। চাকরির ক্ষেত্রে সিভি প্রার্থীর প্রথম পরিচয় উল্লেখ করে তিনি তা সঠিকভাবে প্রস্তুত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন উদ্যোগটিকে সময়োপযোগী আখ্যা দিয়ে সঠিকভাবে সিভি লেখার দক্ষতা অর্জনের পরামর্শ দেন। অন্যদিকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম চাকসুর এমন সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব আয়োজনের প্রশংসা করেন এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।সমাপনী পর্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন এবং ক্লাব কো-অর্ডিনেটর অঙ্কিতা।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং করপোরেট জগতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়। দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ, ব্যাংক, আইটি ও শিক্ষা পরামর্শক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। মেলায় মানবসম্পদ বিশেষজ্ঞরা ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত