অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ড. মোঃ মাসুদুল হক চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(৬) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মোঃ মাসুদুল হক চৌধুরী ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন।অফিস আদেশ অনুযায়ী, ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবেও দায়িত্ব অব্যাহত রাখবেন। একই সঙ্গে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি, অধ্যাদেশ, বিধিমালা ও প্রচলিত নীতিমালার আলোকে ভারপ্রাপ্ত উপাচার্যের দাপ্তরিক ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।এক প্রতিক্রিয়ায় ড. মোঃ মাসুদুল হক চৌধুরী বলেন, “ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব অর্পণ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষা, গবেষণা, সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ট্রাস্টি বোর্ড এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”উল্লেখ্য, ড. মোঃ মাসুদুল হক চৌধুরী চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড), কুমিল্লা-এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।পরিবেশবান্ধব স্যানিটেশন এবং স্বল্প ব্যয়ভিত্তিক ইনকিউবেশন প্রযুক্তি বিষয়ে তাঁর গবেষণা জাতীয় পর্যায়ে স্বর্ণপদক এবং একাধিক উদ্ভাবনী পুরস্কারে ভূষিত হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তিনি প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।শিক্ষাগত জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি নর্ডিক কৃষি বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে এমএসসি ও পিএইচডি এবং ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, জাপান থেকে Education for Sustainable Development বিষয়ে পোস্টডক্টরাল ফেলোশিপ অর্জন করেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত