ওসমান গনি , চান্দিনা প্রতিনিধি ||
কুমিল্লার চান্দিনা পৌর সদরে কলাপসিবল গেটের তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাত দল।বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চান্দিনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং দক্ষিণপাড়া এলাকার প্রবাসী পিয়াস ও কামরুল হাসানের বাড়িতে এই ঘটনা ঘটে। এছাড়া একই রাতে চান্দিনা-রামমোহন সড়কের হারং উদালিয়া এলাকায় রাস্তায় গাছ ফেলে আরেকটি ডাকাতির চেষ্টার খবর পাওয়া গেছে।ভুক্তভোগী গৃহকর্তা ছফিউল্লাহ জানান, তার দুই ছেলে বর্তমানে প্রবাসী। ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী ও পুত্রবধূসহ মোট চারজন সদস্য উপস্থিত ছিলেন। রাত ২টার দিকে দরজায় শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। এরপরই তিনি দেখতে পান, মুখে মাস্ক পরা ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের ভেতর ঢুকে পড়েছে।ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এরপর আলমারি ও ওয়ারড্রোব ভেঙে নগদ ১ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মোবাইল ফোনসেটসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।ডাকাতি শেষে রাত ৩টার দিকে ডাকাত দল পালিয়ে গেলে ভুক্তভোগী পরিবারটি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য চায়। ছফিউল্লাহর অভিযোগ, থানা থেকে তাদের বাড়ির দূরত্ব মাত্র ২ কিলোমিটার হওয়া সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে ভোর সাড়ে ৪টা বাজিয়ে ফেলে।বিলম্বে পৌঁছানোর অভিযোগের বিষয়ে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, তিনি রাত সোয়া ৪টার দিকে থানা থেকে বার্তা পান এবং এর ১৫-২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান। ডাকাতির সত্যতা নিশ্চিত করে তিনি ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান জানান, ডাকাতির ঘটনাটি তিনি অবগত আছেন এবং এ বিষয়ে পুলিশের আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। তবে একই রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার বিষয়টি তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত