মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেরায় দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৮ জুলাই) উপজেলার কেন্দুরবাগ পশ্চিম খালপাড়, এখলাশপুর কাতালবাড়ি ও চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পরিচালিত টাস্কফোর্স অভিযানে ইয়াবা ও গাঁজা সেবন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ঘটনাস্থলেই পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, মীর ইউনিয়নের পশ্চিম খালপাড় কেন্দুরবাগ এলাকার মৃত আব্দুল গোফরানের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৬)। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া এখলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাতালবাড়ি এলাকার মো. জাহাঙ্গীর (৪৬), সাহাবউদ্দিন (৩০), সালাউদ্দিন (৩৩) ও সাগর হোসেন (২০)-কে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গীরকে এক হাজার টাকা, সাহাবউদ্দিনকে ৩০০ টাকা এবং সালাউদ্দিন ও সাগর হোসেনকে ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত