ডেস্ক নিউজ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করতে শহীদ ওসমান হাদীকে একাধিকবার চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াতের আমিরের ব্যক্তিগত সচিব পরিচয়দানকারী এবং বুয়েট শিবিরের সাবেক সভাপতি জুবায়ের নামের একজন ব্যক্তি শহীদ ওসমান হাদীকে ঢাকা-৮ আসনে নির্বাচন না করার জন্য বারবার অনুরোধ জানান। তাকে বলা হয়, এই আসনে সাদিক কাইয়ুম নির্বাচন করবেন এবং হাদীকে অন্য কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেওয়া হয়।রাশেদ খাঁনের ভাষ্যমতে, শহীদ ওসমান হাদী তখন স্পষ্টভাবে জানিয়ে দেন, ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসন থেকেই নির্বাচন করবেন। তিনি আরও দাবি করেন, হাদী হত্যাকাণ্ডের পর বিতর্ক এড়াতে সাদিক কাইয়ুমকে আর মনোনয়ন দেয়নি জামায়াত। তিনি বলেন, এই তথ্য তার কাছে বিভিন্ন সূত্র থেকে এসেছে।পোস্টের শেষাংশে জুবায়েরের পরিচয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাশেদ খাঁন। তার ভাষ্যমতে, জুবায়ের যুক্তরাষ্ট্রে অবস্থান করতেন এবং গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। এছাড়া জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন তিনি।রাশেদ খাঁন জানান, কিছুদিন আগে শহীদ ওসমান হাদীর ভাই ফেসবুকে যে ব্যক্তির প্রসঙ্গ তুলে ধরেছিলেন, তারই সূত্র ধরে তিনি এই তথ্য তুলে ধরছেন। তিনি স্পষ্ট করে বলেন, জুবায়েরকে তিনি সন্দেহের চোখে দেখছেন না, তবে তদন্তের স্বার্থে প্রশাসনের উচিত তার সম্পর্কে বিস্তারিত জানা।পোস্টে তিনি প্রশ্ন তোলেন, জুবায়ের বর্তমানে দেশে অবস্থান করছেন নাকি আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। পাশাপাশি তার সম্পূর্ণ পরিচয় প্রকাশ্যে আসা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত