প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
মোঃ তাহমীদ হোসেইন চৌধুরী , স্টাফ রিপোর্টার ||
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ একটি প্রতিনিধি দলও ইরান যাচ্ছেন।এনসিপি সূত্র জানিয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় এই শোক অনুষ্ঠানে যোগ দিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা হাতে না পাওয়ায় বিমানের টিকিট চূড়ান্ত করা সম্ভব হয়নি। ভিসা প্রাপ্তি সাপেক্ষে দ্রুতই তার ঢাকা ছাড়ার তারিখ ও ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করা হবে। বর্তমানে সফরের অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।একই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনজন সংসদ সদস্য এই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক শীর্ষ নেতা জানান, ইরানের প্রয়াত শীর্ষ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।"এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। একই সাথে এনসিপির জন্যও দেশটির নীতি-নির্ধারকদের সাথে একটি ইতিবাচক ও দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।"
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত