প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
এমপি হিসেবে শপথ নিতে পারবেন না বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী
ডেস্ক নিউজ ||
চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ঋণখেলাপি হওয়ায় সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন।আদালতের নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগকে কেন্দ্র করে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে শুরু থেকেই আইনি বিরোধ তৈরি হয়। নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট রিট খারিজ করে দিলে ব্যাংকটি আপিল বিভাগের দ্বারস্থ হয়।একই বিষয়ে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও কয়েকটি শর্ত আরোপ করেন। আদালত নির্দেশ দেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনের ফলাফল বা গেজেট প্রকাশ করা যাবে না।পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আপিল বিভাগের নির্দেশনা কার্যকর থাকায় তাঁর বিজয়ের গেজেট প্রকাশ করা হয়নি।মঙ্গলবার ঘোষিত চূড়ান্ত রায়ে আপিল বিভাগ বলেন, ঋণখেলাপির কারণে আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের যোগ্য নন। এর মধ্য দিয়ে তাঁর প্রার্থিতা ও নির্বাচনী ফলাফলকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা আইনি বিরোধের নিষ্পত্তি হলো।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত