তানজিদ শুভ্র ||
বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি, আবিষ্কার কিংবা বড় কোনো বৈশ্বিক ক্রীড়া আসর নিয়ে সার্চ বক্সের ওপরে গুগলের মূল লোগোর পরিবর্তে যে বিশেষ নকশা তৈরি করা হয়, তাকেই বলা হয় ডুডল। আজ গুগলের হোমপেজ খুললেই চোখে পড়ছে ক্রিকেটের আমেজে ভরা একটি চমৎকার লোগো। এই ডুডলের মাধ্যমে উদ্যাপন করা হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর প্রথম সেমিফাইনাল।২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে গুগল এই বিশেষ ডুডলটি প্রকাশ করেছে। এবারের ডুডলটিতে ক্রিকেটের বিভিন্ন উপাদানের শৈল্পিক ব্যবহারের মাধ্যমে খেলার মাঠের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। গুগলের লোগোটিকে ক্রিকেটের স্টাম্প, জ্বলজ্বলে বেলস, বল এবং ব্যাট দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে। গোলাপি, হলুদ এবং বেগুনি রঙের ছোঁয়ায় পুরো নকশাটি বেশ প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে।ডুডলে ক্লিক করলে চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের লাইভ আপডেট, খেলার সময়সূচি, দলগুলোর পারফরম্যান্স এবং সর্বশেষ সব খবরাখবর দেখা যায়। এর মাধ্যমে ক্রিকেটপ্রেমী নেটিজেনরা খুব সহজেই প্রযুক্তির সাহায্যে খেলার সব তথ্য এক জায়গায় পেয়ে যাচ্ছেন।বিশেষ দিন বা বড় কোনো আয়োজন উপলক্ষে নিয়মিতই এমন নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ সাল থেকে। এরপর ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। সময়ের সাথে সাথে ব্যবহারকারীদের আনন্দ দিতে এই বিশেষ ডুডলগুলো আরও আকর্ষণীয় ও তথ্যবহুল হয়ে উঠছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত