প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
দুই বিয়ে করেও মেলেনি সুখ, ৭৫ বছর বয়সে আত্নহত্যা
মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পারিবারিক একাকীত্ব ও দীর্ঘদিনের মানসিক হতাশা থেকে আবুল মালেক মাবুদ (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আবুল মালেক মাবুদ কালিকাপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আবুল মালেক মাবুদ ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছিলেন। তবে কোনো সংসারই শেষ পর্যন্ত টেকেনি। তিনি সম্পূর্ণ নিঃসন্তান ছিলেন। দুই স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদ হয়ে যাওয়ার পর গত দীর্ঘ কয়েক বছর ধরে তিনি সম্পূর্ণ একাকী ও নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দীর্ঘমেয়াদী একাকীত্ব ও তীব্র ব্যক্তিগত হতাশা থেকেই সোমবার ভোরের কোনো এক সময় তিনি নিজের বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগান।খবর পেয়ে সোমবার দুপুরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে বিষয়টিকে পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত ও সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত