অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘গবেষণা সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ষষ্ঠ তলার কনফারেন্স কক্ষে কেক কেটে গবেষণা সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “গবেষণা যেকোনো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অন্যতম প্রধান মানদণ্ড। শিক্ষক ও শিক্ষার্থী—সবার জন্যই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণায় আরও বেশি মনোযোগী হতে হবে। সৃজনশীলতা ও উদ্ভাবনের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ এবং দেশের উন্নয়ন সম্ভব।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন এবং আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান।গবেষণা সপ্তাহ উপলক্ষে ‘Pathways to Higher Studies Abroad: Strategies for Securing Scholarships and Research Opportunities’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের প্রফেসর ড. রায়হান হাবিব। এছাড়া গুণগত তথ্য বিশ্লেষণ সফটওয়্যার NVivo বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং বিভাগের প্রফেসর ড. মো. সালাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য নতুন কলা ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন।অন্যদিকে, একই দিনে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর উদ্যোগে পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘Inspiring Innovation in Curriculum Design and Bangladesh Accreditation Council (BAC) Compliance’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও ফিসারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. শাহীদ রেজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং ড. মো. জাহিদুল ইসলাম।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত