ডেস্ক নিউজ ||
বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা আবার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় দায়িত্ব গ্রহণের পর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় চালু করছি। আগামী ২৮ জুন থেকে আবেদন জমা দেওয়া যাবে।”তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের ভিসা সেন্টারেও এ কার্যক্রম চালু করা হবে।হাইকমিশনার বলেন, “আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ২০২৪ সালের ১৮ জুলাই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এরপর দৈনিক ঘোষণার ভিত্তিতে ভিসা কার্যক্রম স্থগিতই রাখা হয়।গণআন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে ওই মাসের মাঝামাঝি সীমিত পরিসরে কেন্দ্রগুলো পুনরায় চালু করা হয়।এরপর ১৬ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সওয়াল জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশন কেবল জরুরি ও মেডিক্যাল ভিসা ইস্যু করবে।ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দেড় বছরে সেই অচলাবস্থার অবসান হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। মে মাসের মাঝামাঝি খবর আসে, ভারত শিগগিরই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। অবশেষে দেড় মাস পর নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ঘোষণার মধ্য দিয়ে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিল।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত